1st March 2026, 05:17 PM
সূর্যশিখা নিউজ ডেস্ক: বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অস্ট্রেলিয়া যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। দিল্লির অস্ট্রেলীয় দূতাবাসের তরফে সেই মর্মে চিঠি পাঠানো হয়েছে অভিষেককে।চলতি বছরের ২৩ মার্চ অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা কলকাতায় এসেছিলেন। সেই সময়ে তাঁদের সঙ্গে সাক্ষাত্ হয় অভিষেকের। তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়েছিল। জোর দেওয়া হয়েছিল দু'দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার ওপর। এরপরেই অস্ট্রেলিয়ার সরকার ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতাদেরও অস্ট্রেলিয়া যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। সেই জন্যই অভিষেক সহ অনান্য দলের নেতাদের কাছেও চিঠি পাঠিয়েছে দিল্লির অস্ট্রেলিয়ান হাইকমিশন। কিন্তু এবার সেই সফরে অভিষেকের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র আপত্তি জানালো দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ও CBI। সূত্রে জানা গিয়েছে, অভিষেকের অস্ট্রেলিয়া সফর নিয়ে তাঁদের আপত্তির কথা জানিয়ে দুই তদন্তকারী সংস্থা আদালতের দ্বারস্থ হতে চলেছে।অভিষেককে পাঠানো অস্ট্রেলিয়ান হাইকমিশনের চিঠিতে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ওই অস্ট্রেলিয়া সফরকালে সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাত্ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বণিক সভার সঙ্গেও আলোচনা হবে। কমপক্ষে এক সপ্তাহের কর্মসূচিতে থাকবে অস্ট্রেলিয়ার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্। আমন্ত্রণপত্রে অভিষেককে জানানো হয়েছে, তাঁর যাতায়াত এবং থাকা-খাওয়ার যাবতীয় ব্যবস্থা অস্ট্রেলিয়া সরকারই করবে। অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দফতরের তরফেই ওই সফরের আয়োজন করা হয়েছে। ওই সফরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে নানা বিষয়ে আদানপ্রদানের সুযোগ থাকবে। যাতে দু'দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, অভিষেকের সঙ্গে সাক্ষাত্ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার একাধিক রাজনৈতিক নেতা, শিল্পপতিরা। এ বিষয়ে অভিষেক আগ্রহী কিনা, অস্ট্রেলিয়া গেলে কোথায়, কীভাবে যোগাযোগ করতে হবে, তাও বিস্তারিত চিঠিতে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের আধিকারিক।
Total Post View : 177