
দক্ষিণ দিনাজপুর: নতুন রঙ মর্মে লাগবে বাংলার - সেই রঙ হবে গেরুয়া রঙ, বসন্ত উৎসবের দিনে বললেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার বসন্ত উৎসবের দিনে দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট ছিল উৎসবের মেজাজে। এদিন বালুরঘাট শহরের একাধিক জায়গায় অনুষ্ঠিত হয় দোল উৎসব। দোল উৎসব উপলক্ষ্যে বালুরঘাটের দিপালী নগর মাঠে দিপালী নগর বসন্ত উৎসব কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় দোল উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ফকিরা ব্যান্ডের অনুষ্ঠান। যে উৎসবের মধ্যমনি ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। এদিনের এই বসন্ত উৎসবের দিনে দিপালী নগর ময়দানে বালুরঘাটের মানুষদের সাথে আবির নিয়ে রঙের উৎসবে মাততে দেখা গেছে সুকান্ত মজুমদার-কে। মাঝে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রঙের উৎসব সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এই রঙের উৎসবে মেতে উঠি। যার পরেই আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন আমার বিশ্বাস আগামীদিনে যে নির্বাচন আসতে চলেছে তাতেও রঙের পরিবর্তন হবে, নতুন রঙ মর্মে লাগবে বাংলার, বাংলার প্রাণে আনবে সেই রঙ, হবে গেরুয়া রঙ।
Total Post View : 34722