
সূর্যশিখা নিউজ ডেস্ক: শনি ও রবিবার মেঘলা আকাশই থাকবে বাংলা জুড়ে। দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির আশঙ্কা তো রয়েইছে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। অর্থাত্ গরম থেকে রেহাই মিলছে না। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুত্ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি জেলায় শিলা বৃষ্টিও হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে।আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলা হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমেও বজ্রবিদ্যুত্ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হতে পারে। সোমবার থেকে বুধবার বৃষ্টি চলবে। সোমবার বৃষ্টি সামান্য কমলেও মঙ্গলবার আবারও বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত্ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরে।
Total Post View : 8818